আন্তর্জাতিক

প্রথম প্রান্তিকে ওমরাহ করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ

এ বছর প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবে ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা প্রায় ৯৫ লাখ। সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, প্রথম প্রান্তিকে মোট ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা প্রায় ৫৯ দশমিক ৪ শতাংশ এবং নারী ৪০ দশমিক ৬ শতাংশ। মোট ওমরাহ পালনকারীর ২৮ দশমিক ৯ শতাংশ সৌদি নাগরিক। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।সংবাদ বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭৭ হাজার ৯০৪ জন বা ৪৮ দশমিক ২ শতাংশ এবং নারী ২৯ লাখ ৯১ হাজার ৩৬৭ জন বা ৫১ দশমিক ৮ শতাংশ। আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের প্রধান মাধ্যম ছিল বিমানবন্দর।

মোট আগমনের ৮৬ শতাংশ বিমানপথে হয়েছে। এছাড়া ১৩ দশমিক ৬ শতাংশ স্থলবন্দর এবং শূন্য দশমিক ৪ শতাংশ সমুদ্রবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ করেন।

অন্যদিকে, দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল প্রায় ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। এর মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, যা মোটের ৪৬ দশমিক ৫ শতাংশ। আর সৌদি নাগরিক নন এমন মানুষের সংখ্যা ছিল ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন বা ৫৩ দশমিক ৫ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল প্রায় ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন বা ৬৬ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন প্রায় ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন বা ৩৩ দশমিক ৮ শতাংশ।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার ওমরাহ পালন করেছেন। আর ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেন। একাধিকবার ওমরাহ পালনকারীরা দেশীয় মোট ওমরাহ পালনকারীর ৪ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশীয় ওমরাহ পালনকারীদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে ওমরাহ পালন করেছেন। ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেন। অঞ্চলভিত্তিক হিসাবে মক্কা অঞ্চলে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি- ৪০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন, যা মোটের ৪৩ শতাংশ।

এরপর রয়েছে রিয়াদ অঞ্চল, যেখানে ওমরাহ পালন করেন ২০ লাখ ২৬ হাজার ২৯ জন, অর্থাৎ ২১ দশমিক ৪ শতাংশ। সবচেয়ে কম দেশীয় ওমরাহ পালনকারী ছিল নর্দার্ন বর্ডারস অঞ্চলে- ৪১ হাজার ৭১৮ জন, যা মোটের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।

আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে জানুয়ারি মাসে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়। ওই মাসে ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন আন্তর্জাতিক ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের মোটের ৩৮ দশমিক ৮ শতাংশ। মার্চে এই সংখ্যা কমে দাঁড়ায় ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে, যা ছিল সর্বনিম্ন।

দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়। ওই মাসে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের মোটের ৪৮ দশমিক ২ শতাংশ। জানুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে কম- ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।

বয়সভিত্তিক হিসাবে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ, মোটের ১৮ দশমিক ৮ শতাংশ। আর ০ থেকে ১৪ বছর বয়সীদের অংশ ছিল সবচেয়ে কম- ৮ শতাংশ। দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, মোটের ২৫ দশমিক ৩ শতাংশ। ৬৫ বছর ও তার বেশি বয়সীদের অংশ ছিল সবচেয়ে কম- ২ দশমিক ৮ শতাংশ।

প্রতিবেদনে মদিনায় ধর্মীয় উদ্দেশ্যে আগত দর্শনার্থীদের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। প্রথম প্রান্তিকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনায় যাওয়া দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন। দেশীয় দর্শনার্থীদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন, যা মোটের ৪৯ দশমিক ২ শতাংশ। আর সৌদি নাগরিক নন এমন দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন, অর্থাৎ ৫০ দশমিক ৮ শতাংশ।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১