আন্তর্জাতিক

ঢাবিতে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল, আজ যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। গতকাল বিকালে তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের পুত্র ও বিশিষ্ট সমাজসেবক বিলাল এরদোগান এবং ‘টিকা’-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। আজ তারা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে সময় কাটাবেন এবং তুরস্ক সরকারের পক্ষ থেকে আয়োজিত একটি বিশেষ ইফতার মাহফিলে অংশ নেবেন। তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের ব্যাপক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এ কাজে টিকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। গতকাল বিকালে ফলক উন্মোচনের মাধ্যমে এই আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন ওজিল। উদ্বোধনকালে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম প্রমুখ। অনুষ্ঠানে ওজিলের উপস্থিতি নিয়ে ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন মানবজমিনকে বলেন, ‘ডাকসু থেকে ওজিলকে স্বাগত জানানো হয়েছে। রাতে বিমানে করে তিনি কক্সবাজারে যাবেন। সেখানে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন।’ ওজিলকে পাশে পেয়ে সাধারণ শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। মেডিকেল সেন্টারের আশপাশে অনেক লোক জমা হয়। প্রধান ফটকে দারোয়ানদের শৃঙ্খলা মোকাবিলায় হিমশিম খেতে দেখা যায়। অনুষ্ঠানে ওজিল মৃদু হেসে উপস্থিত সবার অভিনন্দনের জবাব দেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রশংসা করেন। সেখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন- ‘ছোটবেলায় তার (ওজিল) খেলা টিভিতে দেখেছি। আজ কাছ থেকে দেখতে পেলাম। বাস্তবে উনি খুব সুদর্শন। কাছে গিয়ে ছবি তুলেছি, ভিডিও নিলাম। এখানে আসায় উনাকে ধন্যবাদ জানাই।’ জার্মানির হয়ে ৯২ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই মিডফিল্ডার ২০২৩ সালে ফুটবলকে বিদায় জানান। তবে তুর্কি বংশোদ্ভূত ওজিল ২০২৫ সাল থেকে সক্রিয় রাজনীতিতে নাম লেখান। বর্তমানে তিনি প্রেসিডেন্ট এরদোগানের দল ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’-এর বোর্ড সদস্য হিসেবে তুরস্কের আন্তর্জাতিক মানবিক ও কূটনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭