জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদ জাতির প্রতি সরকার ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সরকার এই অঙ্গীকার বাস্তবায়নের পরিবর্তে কৌশলে আদালতের দিকে ঠেলে দিয়ে জনগণ ও আদালতকে মুখোমুখি দাঁড় করাচ্ছে। এর ফলে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত হলে জনগণ তা মেনে নেবে না।
মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি একইদিন দুইটি বিষয়ে নির্বাচন হয়েছে। যারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন,তাদের মনে রাখা উচিত গণভোট অবৈধ হলে জাতীয় নির্বাচন এবং নির্বাচিত সংসদ সদস্য ও সরকার অবৈধ হয়ে যাবে। তিনি আরো বলেন,দেশকে ফ্যাসিস্ট ও স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র সুসংহত, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কালক্ষেপণ না করে অবিলন্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
ড. হামিদ আযাদ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নৃশংসতা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন স্তরের দুর্নীতি বন্ধের জোর দাবী জানান। মাতারবাড়ী ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ সরওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।










Add Comment