জাতীয়

এবারের নির্বাচনে জনতার মতামতের বহিঃপ্রকাশ হয়েছে: কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মতামতের বহিঃপ্রকাশ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সদ্য বিজয়ী নেত্রকোণা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে থেকে নির্বাচনি ফলাফল সংগ্রহের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

কায়সার কামাল বলেন, ‘এ নির্বাচনটি ছিল একটি বহুল প্রত্যাশিত নির্বাচন। বিগত তিন-চারটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। এবার প্রত্যেকেই স্ব-ইচ্ছায় ভোট দিয়েছেন এবং তাদের মতামতের প্রতিফলন ঘটেছে। সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচনের দায়িত্বে থাকা সকলেই নিষ্ঠার সাথে কাজ করেছেন, যার ফলে আমরা একটি সুন্দর নির্বাচন পেয়েছি।’

 

 

 

তিনি বলেন, ‘জয়-পরাজয় থাকবেই। আমি নির্বাচিত হওয়ার পর আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গেই কথা বলেছি। আমাদের মধ্যে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু কোনো প্রতিহিংসা ছিল না। নির্বাচন শেষ হয়েছে, এখন আমরা ভ্রাতৃত্ববোধ ও বন্ধুসুলভ আচরণের মাধ্যমে নিজ এলাকায় কাজ করব। মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন—বিশেষ করে আমার নির্বাচনি এলাকার গারো, হাজং, হাওর ও সমতলের হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলের সেই প্রত্যাশা পূরণে আমি সচেষ্ট থাকবো। এজন্য আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।’

 

জুলাই বিপ্লবের কথা স্মরণ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘৫ আগস্টের বিজয় না হলে আজ আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। সেই বীর শহিদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের কথা স্মরণে রেখেই একটি নতুন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ থাকবে। জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য; যেখানে পাহাড়, সমতল, গারো, হাজং, চাকমা, হিন্দু ও মুসলমান সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নেবে। সবার আগে বাংলাদেশ— এটাই ছিল আমাদের নির্বাচনি অঙ্গীকার। আমরা এমন এক আগামীর বাংলাদেশ গড়বো যেখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’

এর আগে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সরকারিভাবে ঘোষিত নির্বাচনি ফলাফল সংগ্রহ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) তার নিকটতম প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৪৩টি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী গোলাম রব্বানী (রিকশা) প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৩৮ ভোট।

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭